প্রতিবাদলিপিঃ
রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি
রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদের সঙ্গে জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলী কথিত একটি প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আমরা মনে করি, একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে এমন একটি কথিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীন চর্চা এবং গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষার স্বার্থে এ ধরনের হয়রানিমূলক মামলার মাধ্যমে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়।
রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি, সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা দ্রুত প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হোক এবং তার নিঃশর্ত ও অবিলম্বে মুক্তি নিশ্চিত করা হোক।
সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার, স্বাধীন পেশাগত পরিবেশ এবং আইনের সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান প্রত্যাশা করছি।
বার্তা প্রেরক
মোজাম্মেল হোসেন বাবু
দপ্তর সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব
রাজশাহী।
