
ফিনল্যান্ডের মনোরম গ্রীষ্মের হাতছানি উপেক্ষা করার সাধ্য কারI সেই গ্রীষ্মের আনন্দ উপভোগ করতে এবং নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এস্পো শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন এর বার্ষিক পিকনিক। প্রকৃতি কিছুটা বৈরী আচরণ করলেও, বৃষ্টির ছোঁয়া আর মেঘলা আকাশকে উপেক্ষা করে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা মেতে উঠেছিলেন এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রবাসের কর্মব্যস্ত জীবনে একে অপরের সান্নিধ্য পাওয়ার এই সুযোগে সবাই যেন নস্টালজিয়ায় ডুবেছিলেন। পিকনিকের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল হরেক রকমের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সুদূর ফিনল্যান্ডের মাটিতে বসে বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করতে পেরে উপস্থিত সবাই ছিলেন উচ্ছ্বসিত।
অনুষ্ঠান শেষে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা জানান, প্রবাসীদের এই অভূতপূর্ব সাড়া তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। সেই সাথে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে আরও বড় পরিসরে এবং বর্ণাঢ্য আয়োজনে এমন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এস্পো শহরের এই সবুজ চত্বরে বৃষ্টির দিনের এই পিকনিকটি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে।