শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়াও আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল ঘোষণা করা হয়েছে।রায়ে রাজউক সদস্য খুরশিদ আলমের এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন।দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা।
এছাড়া ভাই-বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে।