
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে নির্মিতব্য ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি গড়ে তোলা হচ্ছে, যেখানে বছরব্যাপী নজরুল সাহিত্য ও শিল্পচর্চা চলবে।”
সংশ্লিষ্টরা জানান, ‘নজরুল ভিলেজ’ নির্মাণের মাধ্যমে রাজশাহীতে একটি নতুন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল চর্চার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
