বাগমারায় যুবদল নেতার উপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি:

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের তিন নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা নর্থ বেঙ্গল বিশ^বিদ্যালয় ছাত্রদলের সভাপতি (সাবেক ছাত্রলীগ নেতা) পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন, মোশারফ হোসেন, আল সাদিক, বাদল মোল্লা, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ও প্রদীপ কুমারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন যুবদল নেতা আসাদুল ইসলাম। এ সময় ছাত্রদল নেতা পারভেজ, সুমন ও শাহীন আলম ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসাদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই (ডিশ ও ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে আসাদুলের উপর চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পারভেজ, সুমন ও শাহীন আলমসহ অন্যান্য আসামিরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসাদুলকে পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৬৫ হাজর ২৫০ টাকা লুট করে নিয়ে যায় এবং ডিশ ও ইন্টারনেট সরবরাহ করা কন্ট্রোলরুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে বলে মামলায় দাবি করা হয়েছে। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *