বাঘায় চোরাই স্বর্ণালংকারসহ যুবক গ্রেপ্তার

বাঘায় চোরাই স্বর্ণালংকারসহ যুবক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বাঘায় এক ভুক্তভোগীর বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে দিনের বেলায় প্রবেশ করে চারটি স্বর্ণের বালা, একটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাঘা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি বাঘা থানার মামলা নম্বর ৪(৯)২৬, যার ধারা ৪৫৪/৩৮০/৩৪।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসএসআই মহিদুল ইসলাম ঘটনার পর থেকে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেন। এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে নাটোর জেলার লালপুর থানাধীন বেরিলাবাড়ি এলাকার রামপাড়া গ্রাম থেকে আকবর আলীর ছেলে সাগর আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও তার নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে চুরি যাওয়া দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাগর আলীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, অপরাধী যত সূক্ষ্মভাবেই অপরাধ সংঘটনের চেষ্টা করুক না কেন, ঘটনাস্থলে কোনো না কোনো ধরনের আলামত বা অপরাধের ছাপ রেখে যায়। এসব আলামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *