বানেশ্বর ট্রাফিক পুলিশের মানবিকতায় নিরাপদে পরিবারের কাছে দুই স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বানেশ্বর ট্রাফিক মোড় থেকে পথ হারিয়ে কান্নারত অবস্থায় ঘুরতে থাকা তৃতীয় শ্রেণির দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বানেশ্বর ট্রাফিক পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বানেশ্বর ট্রাফিক মোড়ে স্কুল ড্রেস পরা দুই শিশুকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট টিপু তাদের কাছে এগিয়ে যান। পরে তাদের নিরাপদে বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান তিনি। সেখানে ট্রাফিক পুলিশের টিআই মুতালেবুর রহমান শিশু দুটির সঙ্গে কথা বলেন।

কথা বলে জানা যায়, তারা দুজনই তৃতীয় শ্রেণির ছাত্রী। টিফিন পিরিয়ডে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে আসে তারা। তবে এরপর কোথায় যাবে কিংবা কীভাবে বাড়ি ফিরবে—তা তারা বলতে পারছিল না।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের বাড়ি রাজশাহীর পবা থানার অন্তর্গত তরফ পারিলা গ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুই শিশুকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বানেশ্বর ট্রাফিক পুলিশের দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। বিশেষ করে বর্তমান সময়ে বিভিন্ন কারণে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের মধ্যে পুলিশের এমন তৎপরতা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

দুই স্কুলছাত্রীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বানেশ্বর ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *