রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। স্বজন ও স্থানীয়দের দাবি, মোস্তফার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। পথে খোঁজাপুর গোরস্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোস্তফাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর ডান পায়ে গুলির আঘাত রয়েছে এবং মাথায়ও জখম দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয়ও পাওয়া যায়নি।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা।