ভোটের সময় টানা ৪ দিন ব্যাংক বন্ধ, বিকাশ–রকেটের লেনদেনও হচ্ছে সীমিত

ভোটের সময় টানা ৪ দিন ব্যাংক বন্ধ, বিকাশ–রকেটের লেনদেনও হচ্ছে সীমিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই তথ্য জানানো হয়। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

 

১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

 

এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনে কড়া শর্ত আরোপ করা হয়েছে। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে এক লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। পাশাপাশি একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। দৈনিক লেনদেনের সংখ্যাও ১০ বারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে (পিটুপি) টাকা স্থানান্তর সেবাও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। তবে ইউটিলিটি বিল পরিশোধ বা বাণিজ্যিক লেনদেন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে টাকার ব্যবহার রোধ এবং ডিজিটাল মাধ্যমে অর্থের অবৈধ প্রবাহ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের (ইসি) চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এই উদ্যোগ নিয়েছে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে ডিজিটাল লেনদেনে এই বিশেষ সীমা আরোপ করা হচ্ছে। প্রতিবারই নির্বাচনের তিন-চার দিন আগে থেকে অর্থের অপব্যবহার রোধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *