বাঘায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা সহ তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পূর্ব পাশে রিয়াদ আলী নামের এক চিকিৎসকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাঘা উপজেলার বুধপাড়া গ্রামের মৃত নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রি (৪৫), নাটোরের লালপুর উপজেলার ফতেপুর বিলমারী গ্রামের নজির উদ্দিন প্রামাণিক দফাদারের ছেলে ও সিএনজি চালক মো. শরিফ হোসেন (৪২) এবং লালপুর উপজেলার আন্দি সালামপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের স্ত্রী রোকেনা বেগম (৯০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি সিএনজিতে করে কয়েকজন যাত্রী লালপুর দিক থেকে বাঘার দিকে আসছিলেন। পথে চন্ডিপুর বাজারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিংচালিত একটি ভুটভুটি গাড়ির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভুটভুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চালক শরিফ হোসেন ও যাত্রী বিধান মিস্ত্রি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত রোকেনা বেগম মারা যান। পরে তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় নিহত দুইজনের মরদেহ বাঘা থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *