দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা নিশ্চিত করা হবে।

 

তিনি আরও বলেন, দুর্নীতি নির্মূলে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কেবল কঠোর আইন প্রণয়ন করলেই দুর্নীতি রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তার মতে, দুর্নীতির শিকড় নির্মূল করতে প্রয়োজন ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং শক্তিশালী জবাবদিহিমূলক কাঠামো।

 

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। উপস্থিত বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা এবং একটি সহনশীল সমাজ গড়ে তুলতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই কাজ করছে বর্তমান প্রশাসন।

 

তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুটি ইফতার মাহফিল এর আগে বাতিল করা হয়েছিল। শুক্রবারের এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *